তখন ছায়াছবিতে নিয়মিত গাইছেন সুপ্রভা সরকার, সুপ্রীতি ঘোষ, উৎপলা সেন, রমা দেবী, প্রমুখেরা। জহর গঙ্গোপাধ্যায়-সুনন্দা দেবী অভিনীত 'সমাপিকা' (১৯৪৮) ছবি মুক্তি পেতে, নতুন এক কন্ঠের অপূর্ব মোহে মোহিত হলেন দর্শক-শ্রোতা। এই ছবিতে শোনা গেল চারটি গান - "প্রতিমা গড়িয়া দেবতা চেয়েছি", "আঁধার ভাঙ্গা আলোর গানে", "মানুষের মনে ভোর হল আজি" ও "আমারে লয়ে যে কি খেলা খেলিছ" - চারটিতেই কণ্ঠদান করলেন, গীতশ্রী কুমারী সন্ধ্যা মুখোপাধ্যায়।
~রেকর্ডিং-এ রবীন চট্টোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়~
ওই ছবির গানের কথা শোনা যাক সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা থেকেই, "সমাপিকার নায়িকা ছিলেন সুনন্দা দেবী। এ ছবির গান যখন রেকর্ডিং হচ্ছে সুনন্দাদির বয়স তখন ত্রিশ-একত্রিশ তো নিশ্চয়ই। আমি গাইব শুনে উনি খুব আশ্চর্য হয়ে অন্য কাউকে বলেন, 'এতটুকু মেয়ের গলা আমার লিপে কি মানাবে!' ...রবিদার সুর আর শৈলেন রায়ের কোথায় এ ছবির গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। রবিদা (রবীন চট্টোপাধ্যায়) খুব স্বাভাবিকভাবেই গান তলাতেন। টেনশন বলে কিছু ছিলনা তাঁর। ভগবান হয়ত আমার নেওয়ার ক্ষমতাও একটু দিয়েছিলেন। খুব আগ্রহ নিয়ে রবিদার মুখের দিকে তাকিয়ে থাকতাম। কীভাবে উনি উচ্চারণ করছেন, কোথায় উনি একটু দম ছাড়ছেন সব বোঝার চেষ্টা করতাম..."
'সমাপিকা' (১৯৪৮) ছবির গান... ১৯৪৯ সালে রেকর্ডে মুক্তিপ্রাপ্ত...
গান : প্রতিমা গড়িয়া দেবতা চেয়েছি (অজিতার গান)
গান : আঁধার ভাঙ্গা আলোর গানে (অজিতার গান)
গান : মানুষের মনে ভোর হল আজি (অজিতার গান)
গান : আমারে লয়ে যে (অজিতার গান)
'সমাপিকা' ছবিতে আত্মপ্রকাশ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, ১৯৫০ সালে 'বিদ্যাসাগর'-এ আলপনা বন্দ্যোপাধ্যায়, ১৯৫১-তে 'সুনন্দার বিয়ে' ছবিতে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ১৯৫১-এ 'বাবলা' ছবিতে গেয়ে গ্রামোফোন কোম্পানির শিল্পী হলেন উৎপলা সেন (হিন্দুস্থান কোম্পানি ছেড়ে) - শুরু হল ছায়াছবির গানের নতুন এক যুগ!





